ধুনটে মসজিদের জমি নিয়ে সংঘর্ষ ও ভাঙচুর, নারীসহ আহত ৯
ধ
ধুনট বগুড়া প্রতিনিধি: জনতার দৃষ্টি
আপডেট: 1 month ago

মসজিদের জমি দখলকে কেন্দ্র করে ধুনটে তুলকালাম, ভাঙচুর ও সংঘর্ষে নারীসহ আহত ৯
বগুড়ার ধুনট উপজেলায় মসজিদের জায়গা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের নারীসহ অন্তত ৯ জন আহত হয়েছেন। এ সময় টিনের তৈরি একটি মসজিদে ভাঙচুর চালিয়ে মাইক, ফ্যানসহ বিভিন্ন সামগ্রী লন্ডভণ্ড করা হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) জুমার নামাজ শেষে উপজেলার কালেরপাড়া ইউনিয়নের রামনগর পশ্চিমপাড়া মসজিদ এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষের পর থেকে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে এবং যেকোনো সময় পুনরায় সংঘর্ষের আশঙ্কা রয়েছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে পুলিশ চলে আসার পরও দুই পক্ষকে মুখোমুখি অবস্থানে থাকতে দেখা যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, ২০০১ সালে স্থানীয়দের উদ্যোগে রামনগর পশ্চিমপাড়া এলাকায় টিনের তৈরি একটি মসজিদ নির্মাণ করা হয়। কিন্তু যাতায়াতের সুবিধার্থে নির্ধারিত স্থানে না করে সেখান থেকে প্রায় ২০০ মিটার দূরে মসজিদটি নির্মাণ করা হয়। পরবর্তীতে মসজিদের মূল জায়গা নিয়ে বিরোধ দেখা দিলে স্থানীয়রা দুই পক্ষে বিভক্ত হয়ে পড়েন। এরই ধারাবাহিকতায়, ২০২১ সালে মসজিদের নির্ধারিত জায়গায় অপর পক্ষ নতুন করে আরেকটি টিনের মসজিদ নির্মাণ করে। এরপর থেকেই দুই পক্ষের মধ্যে বিরোধ আরও তীব্র আকার ধারণ করে।
ঘটনার দিন শুক্রবার জুমার নামাজ শেষে দুই পক্ষের লোকজন মুখোমুখি অবস্থানে গেলে একপর্যায়ে তাদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়, যা পরবর্তীতে সংঘর্ষে রূপ নেয়। এ সময় ২০২১ সালে নির্মিত মসজিদটিতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয় এবং মাইক, ফ্যানসহ বিভিন্ন আসবাবপত্র ও সামগ্রী ক্ষতিগ্রস্ত করা হয়। এ ঘটনায় উভয় পক্ষই পরস্পরের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে।
সংঘর্ষে আহতরা হলেন—রামনগর গ্রামের রট উদ্দিনের ছেলে সোহরাব আলী (৫৫) ও ফরিদুল ইসলাম (৩৫), সোহরাব আলীর ছেলে নূর আলম (৩০), মবির উদ্দিনের ছেলে ফরিদুল ইসলাম (৩৪), মেছের আলীর ছেলে ডাবলু হোসেন (৪০), আছের আলীর ছেলে রেজাউল প্রামাণিক (৪২), আফছার আলীর স্ত্রী আয়েশা বেগম (৫৫), উজ্জ্বল মিয়ার স্ত্রী সুমি খাতুন (৩০) এবং মোরগ আলী প্রামাণিকের স্ত্রী গোলছারা বেগম (৫৫)। আহতদের উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দা সোহরাব আলী বলেন, "২০২১ সালে নির্মিত এই মসজিদে নামাজ আদায়ের সময় প্রতিপক্ষের লোকজন হামলা চালিয়ে ভাঙচুর করেছে।"
অপর পক্ষের দাবিদার আলহাজ্ব আবুল কালাম বলেন, "দীর্ঘদিন ধরে মসজিদের জায়গা নিয়ে বিরোধ চলে আসছে। বিষয়টি মীমাংসার প্রস্তাব নিয়ে আমি মসজিদে প্রবেশ করলে আমাকে আটক করা হয়। পরে সংবাদ পেয়ে স্বজনরা মসজিদের বেড়া ভেঙে আমাকে সেখান থেকে উদ্ধার করেন।
এ বিষয়ে ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, "খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"






